যশোর প্রতিনিধি: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুইটি অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে যশোর সদর উপজেলার রাজাপুর ও শহরের বারান্দীপাড়া এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, শনিবার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুর জামতলা এলাকায় মাগুরাগামী ‘সায়রা পরিবহন’ নামক একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মঞ্জুরা ওরফে বুড়ি (৬০), আব্দুর রাজ্জাক (৫৩), সোহেল রানা (২২) ও আব্দুল গনি (৫৪) নামের চারজনকে আটক করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে রাত সাড়ে ৯টার দিকে শহরের বারান্দীপাড়া এলাকার একটি ইজিবাইক গ্যারেজে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মামুন হোসেন (৪৬) নামের আরেকজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি