Print Date & Time : 23 October 2026 Friday 07:22 pm

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন

image

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাধারণ জনগণের ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুর ও জেলা সদরের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। মানববন্ধন আয়োজক কমিটির সমন্বায়ক গীতিকার খ.ম আলী সম্রাট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, সাবেক ভিপি সিরাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও শিক্ষা সংগঠকেরা এতে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা কুড়িগ্রামের 'নাদিয়ার দোলা' এলাকায় দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের জোর দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।

—জা. অর্থনীতি/এলএটি