Print Date & Time : 25 October 2026 Sunday 08:42 pm

'অবৈধ পথে বিদেশযাত্রা ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ'

image

সিলেট প্রতিনিধি: যেসব দালালের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকেরা অবৈধভাবে বিদেশে পাড়ি জমিয়ে অকালে প্রাণ হারাচ্ছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ পথে বিদেশ গমন বন্ধের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শুধু বৈধ পথে নয়, কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যাওয়া জরুরি। সুনামগঞ্জে কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র তৈরির উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।

সভায় প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ জানান, আইএলও (ILO)-এর 'ট্যালেন্ট পার্টনারশিপ' প্রকল্পের মাধ্যমে ইতালিতে বৈধভাবে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠানে এক উপস্থাপনায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী তুলে ধরেন যে, অবৈধভাবে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলাদেশ, যা বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় একাধিক সংসদ সদস্য, সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি