Print Date & Time : 08 November 2026 Sunday 03:52 am

কোটি টাকার রেলভূমি দখল, দুর্ভোগে যাত্রীরা

image

মৌলভীবাজার প্রতিনিধি: জনবল সংকটের অজুহাতে এক যুগেরও বেশি সময় ধরে সিলেট-আখাউড়া রেলপথের ৭টি স্টেশন বন্ধ থাকায় কোটি কোটি টাকার সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। একই সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই অঞ্চলের সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার জেলার লংলা, ভাটেরা, টিলাগাঁও, ছকাপন ও মনু স্টেশনসহ হবিগঞ্জের লস্করপুর ও সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশন ঝোপজঙ্গলে ভরে গেছে। ব্রিটিশ আমলের সিগন্যাল ও অবকাঠামো থাকলেও কোনো স্টেশনমাস্টার নেই। অনেক স্থানে একাধিক লাইন তুলে দিয়ে শুধু ওয়ানওয়ে চালু রাখা হয়েছে। দীর্ঘদিন তদারকি না থাকায় এসব স্টেশনের মূল্যবান ভূমি ও স্থাপনা স্থানীয়দের দখলে চলে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশনগুলো বন্ধ থাকায় তাদের দূরবর্তী স্থানে গিয়ে অতিরিক্ত টাকা ও সময় খরচ করে ট্রেনে উঠতে হচ্ছে। আগে মেইল ট্রেন থামলেও এখন কোনো ট্রেন না থামায় ওই এলাকার ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত এসব দখলমুক্ত করে স্টেশনগুলো সচল করার দাবি জানান তারা।

এ বিষয়ে কুলাউড়া ও শমশেরনগর স্টেশনমাস্টাররা জানান, জনবল ও অবকাঠামোগত সমস্যার কারণে স্টেশনগুলো বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, নতুন জনবল নিয়োগ সম্পন্ন হলে পর্যায়ক্রমে বন্ধ থাকা এসব স্টেশন পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি