পঞ্চগড় প্রতিনিধি: মাজার ধ্বংস বা ভাঙচুরের কোনো চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় দেবীগঞ্জ পৌরসদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা'য়াত আয়োজিত জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংস ও বন্ধের অপচেষ্টা করা হয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর প্রতিরোধের ঘোষণা দেন তিনি। বক্তব্যকালে তিনি কৃষকদের সারের সংকট দূরীকরণে নতুন ডিলার নিয়োগ, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি।
আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দেবীগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি