Print Date & Time : 07 November 2026 Saturday 07:14 pm

সমাজের বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় হবে না

image

লালমনিরহাট প্রতিনিধি: যারা সমাজের আইনশৃঙ্খলা নষ্ট করেন এবং সামান্য বিষয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন, তারা সমাজ ও দেশের শত্রু; এসব অপশক্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গন্ধমরুয়া গ্রামে জুয়াড়িদের হামলায় নিহত কলেজ শিক্ষক আরিফুলের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে কলেজ শিক্ষক আরিফুল হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ছাড়া পিতাহারা অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় গত ১ আগস্ট দুষ্কৃতকারীদের হামলায় মারাত্মক আহত হন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক আরিফুল ইসলাম। ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

—জা. অর্থনীতি/এলএটি