কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম।
হামলার শিকার সাংবাদিকরা হলেন- যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য খোকন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক মারুফ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন, ফোরামের সকল সদস্যের পক্ষে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
মাজার ধ্বংসের চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি বা হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা হয়ে থাকলে সেটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের পরিচয় ও ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে।
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব, পরিচয় কিংবা রাজনৈতিক-সামাজিক অবস্থান বিবেচনায় না নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন বা হামলার ঘটনায় যেন কোনো ধরনের ছাড় দেওয়া না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
কলেজছাত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, অভিযুক্ত আটক
বাহার রায়হান ও হুমায়ুন কবির জীবন বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বিবৃতিতে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার রায়হান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবনসহ সংগঠনের সকল সদস্য সাংবাদিক খোকন চৌধুরী, তানভীর দীপু ও মারুফের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
—জা. অর্থনীতি/এনজে