মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহফুজার খান (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কল্যাণপুর গ্রামে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহফুজার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের মো. আমজাদ আলী খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ অফিসে দিনমজুর ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাহফুজার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুর আনুমানিক ২টার দিকে তিনি খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পরিবারের দাবি, নিরাপত্তা সরঞ্জাম ছাড়া একজন পরিচ্ছন্নতা কর্মীকে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে তোলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
তবে শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিস জানায়, কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই মাহফুজার নিজ দায়িত্বে খুঁটিতে উঠেছিলেন এবং মেইন লাইনে বিদ্যুৎ প্রবাহিত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।
—জা. অর্থনীতি/এলএটি