Print Date & Time : 27 October 2026 Tuesday 07:22 am

২৯ দিনে প্রবাসী আয় এলো ২৬৬ কোটি ডলার

image

অনলাইন ডেস্ক: চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশের প্রবাসীরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ২৬৬ কোটি ৯০ লাখ (২.৬৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৭৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)।

রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

গত ২০২৫ সালের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই (জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।

এই দুই মাসে মোট ৫৫২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ে (জুলাই থেকে ২৯ আগস্ট ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪৬৬ কোটি মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে ১৮.৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে।

প্রবাসী আয় সংগ্রহ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ায় প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। এছাড়া খোলা বাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের সুবিধাজনক বিনিময় হার পাওয়ায় ব্যাংকিং মাধ্যমে রেমিট্যান্স আসার হার ধারাবাহিকভাবে বাড়ছে।

খাত সংশ্লিষ্টরা আশা করছেন, প্রবাসীদের পাঠানো এই প্রবাসী আয়ের ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং সার্বিক অর্থনীতিতে গতিশীলতা নিশ্চিত হবে।

—জা.অর্থনীতি/আরএস