Print Date & Time : 28 October 2026 Wednesday 07:37 am

শাহজালালে ৪০ ভরি স্বর্ণসহ দুজন আটক

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণাসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটকরা হলেন,  খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় বাইরের গেটে আসামিরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করলে তাদের হেফাজত থেকে মোট ৪৭৫.৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণালংকারের মান ২১ ক্যারেট। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। 

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে চোরাচালানের উদ্দেশ্যে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। আটক ব্যক্তিরা ও অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ নিয়ে এসে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ সালের ২৫বি এর (১)(বি)/২৫-ডি ধারায় অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আজই (মঙ্গলবার) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

—জা.অর্থনীতি/আরএস