Print Date & Time : 28 October 2026 Wednesday 05:47 am

অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

image

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সাথে লাইসেন্স না থাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াইল সদর বাজারে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।

অভিযানকালে বাজারের ব্যবসায়ী মাছুম মিয়ার দোকান থেকে ২৮৫ পিস নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২৫ পিস চায়না দুয়ারী (রিং জাল)সহ মোট ৩১০ পিস অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব ক্ষতিকর জাল উপজেলা পরিষদ চত্বরের খোলা মাঠে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন ‘মেসার্স লাবিব পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন’ নামের একটি প্রতিষ্ঠানের উপযুক্ত লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন, অফিস সহকারী মারুফ আকন্দ এবং তাড়াইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকার জলজ পরিবেশ ও মাছের প্রাকৃতিক প্রজননের জন্য চরম হুমকি। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও টেকসই মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি