নিজস্ব প্রতিনিধি: দেশের নির্মাণ খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি প্রকৌশলীদের সম্মান ও উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী।
ব্যতিক্রমী প্রকৌশলগত সাফল্য, টেকসই ডিজাইন ও অবকাঠামো খাতে যুগান্তকারী অবদানকে স্বীকৃতি দিতে এই সম্মাননা অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এর ইতি টানা হবে।
উদ্বোধনী বক্তব্যে ইকবাল চৌধুরী বলেন, "দেশের দ্রুত আধুনিকায়ন ও জলবায়ু-সহনশীল টেকসই নগরায়নের মূল কারিগর আমাদের প্রকৌশলীরা। তাদের উদ্ভাবন ও নিষ্ঠাকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিভাবান প্রকৌশলীদের সর্বাধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করতে চায়।"
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতাটি মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে- হাই পারফর্মিং কংক্রিট স্ট্রাকচার, অ্যাডভান্সড কংক্রিট টেকনোলজি অ্যান্ড সার্কুলারিটি, লেজেন্ডারি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড এবং নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন। এর মধ্যে নেক্সট জেনারেশন ক্যাটাগরিতে ১০ জন উদীয়মান প্রকৌশলী এবং বাকি তিন ক্যাটাগরিতে ১ জন করে বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সেরা প্রজেক্টের জন্য থাকবে একটি 'গ্র্যান্ড অ্যাওয়ার্ড'। পুরো প্রতিযোগিতাটি মোট পাঁচটি ধাপে পরিচালিত হবে। আগ্রহী প্রকৌশলীরা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটের (www.structuralexcellenceawardbd.com অথবা www.lafargeholcim.com.bd ) মাধ্যমে বিস্তারিত জানতে ও প্রকল্প জমা দিতে পারবেন।
সেরা প্রজেক্ট বাছাইয়ে বুয়েট, এমআইএসটি ও অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, অনন্ত গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ আল হোসেন চৌধুরী (রিজভী), এসবি কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. কে. এম. সাইফুল বারী এবং এমআইএসটির সহযোগী অধ্যাপক লেফট্যানেন্ট কর্নেল ড. খন্দকার শাকিল আহমেদ।
কোম্পানির হেড অব মার্কেটিং আবিদ মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক। তিনি আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ নির্মাণে কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।