অনলাইন ডেস্ক: সমাজবিরোধী অপশক্তি যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। তবে বিভিন্ন সময়ে ‘কংস’ চরিত্রের মানুষ সমাজ ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর গণতন্ত্রকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে ‘কংসরূপী’ ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। এখন ভঙ্গুর অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেশ পুনর্গঠনের সময়।
‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ পরিচয়ের পরিবর্তে সবাইকে বাংলাদেশী হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয়-আমরা বাংলাদেশী।’
সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ পাশাপাশি তিনি বলেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
আসন্ন দুর্গাপূজা শান্তি, স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে পালনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে নয়জন পুরোহিত ও সেবাইতের মধ্যে সম্মানী বিতরণ করা হয়। একই সময়ে সারাদেশের পুরোহিত ও সেবাইতদের ব্যাংক হিসাবেও সম্মানীর অর্থ পাঠানো হয়।
জা.অর্থনীতি/এসআই