Print Date & Time : 07 November 2026 Saturday 08:29 am

সাতক্ষীরায় বিদেশি অস্ত্র, গুলিসহ আটক ১

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভারী আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আরিফুল ইসলাম নামে এক অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।

র‍্যাব-৬ সূত্র জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পরিচালিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন আরিফুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিস্তার রোধ ও চিহ্নিত সন্ত্রাসীদের দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

—জা. অর্থনীতি/এলএটি