Print Date & Time : 08 November 2026 Sunday 11:21 am

কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

image

অনলাইন ডেস্ক: কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে বিপুল পরিমাণ উইপোকা দেখতে পেয়ে রাত্রিযাপন না করেই সার্কিট হাউস ছেড়ে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতির অংশ হিসেবে তিনি কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান। তাঁর থাকার জন্য ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ ছিল।

রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি আলমারিসহ বিভিন্ন স্থানে উইপোকার বাসা ও বিপুলসংখ্যক উইপোকা দেখতে পান। বিষয়টি তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের জানান এবং কক্ষ পরিবর্তনের পাশাপাশি একটি কম্বলের ব্যবস্থা করতে বলেন। তবে দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় বিষয়টি কুমিল্লার এনডিসিকেও এসএমএসের মাধ্যমে জানানো হয়।

এরপরও বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা না হওয়ায় সার্কিট হাউস ত্যাগ করেন বিরোধীদলীয় উপনেতা।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর এনডিসি সার্কিট হাউসের কর্মীদের কক্ষ পরিবর্তন ও সমস্যাযুক্ত কক্ষ পরিষ্কারের নির্দেশ দেন। তবে এর মধ্যেই তাঁকে সার্কিট হাউস ছেড়ে যাওয়ার কথা জানানো হয়।

ঘটনার পর সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জা.অর্থনীতি/এসআই