Print Date & Time : 08 November 2026 Sunday 04:46 pm

চীনের চিয়াংশি প্রদেশে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

image

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশি প্রদেশে প্রবল বৃষ্টির পর ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে চিয়াংশি প্রদেশের সুইছুয়ান কাউন্টির একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন সাউদেলের প্রভাবে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে পড়ে।

ভূমিধসের পর তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া অপর দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল ঘটনাস্থলে ব্যাপক অভিযান শুরু করেছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষ ইতোমধ্যে ৪১টি গাড়ি ও ২২৪ জন কর্মী মোতায়েন করেছে। উদ্ধারকাজে ড্রোনও ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং নতুন করে ভূমিধসের ঝুঁকি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিয়াংশিতে টাইফুন সাউদেলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্যোগে প্রায় ১ লাখ ৬১ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় শনিবার দুপুরে চিয়াংশি প্রদেশের দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণবিষয়ক কমিটি তৃতীয় মাত্রার প্রাদেশিক জরুরি অবস্থা জারি করে। একই সঙ্গে চীনের দুটি মন্ত্রণালয় ও জাতীয় দুর্যোগ কমিশন প্রদেশটির জন্য চার মাত্রার দুর্যোগ মোকাবিলা জরুরি অবস্থা ঘোষণা করেছে। চীনের চার ধাপের জরুরি সাড়া ব্যবস্থায় প্রথম মাত্রাকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়।

জা.অর্থনীতি/এসআই