নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে কথিত ‘অলৌকিক’ কবিরাজি চিকিৎসার ফাঁদ পেতে বাসাবাড়ি থেকে স্বর্ণালংকার লুটে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। ৩ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের ছাতক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— মোছাম্মৎ জিয়াসমিন আক্তার (২১) ও মো. আব্দুল্লাহ মিয়া (৬৬)।
রোববার (৬ সেপ্টেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চক্রটি ফেসবুকে পেজ খুলে জটিল রোগ ও পারিবারিক সমস্যা সমাধানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দেখাত। ফাঁদে পা দেওয়া ভুক্তভোগীদের বাসায় গিয়ে ঝাড়-ফুঁকের নাটক সাজাত কথিত কবিরাজরা।
চিকিৎসার বাহানায় ঘরের সব সোনা-গয়না রুমালে পেঁচিয়ে পানিতে ডোবানো এবং পানি পুরো ফ্ল্যাটে ছিটানোর ছলে ভুক্তভোগীদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেত চক্রটি।
রাজধানীর শাহজাহানপুর থানার একটি প্রতারণা মামলার তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে সিআইডি। গ্রেফতারের সময় জিয়াসমিনের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২১.৮৩ গ্রাম ওজনের লকেটসহ স্বর্ণের চেইন ও আংটি জব্দ করা হয়।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।
—জা.অর্থনীতি/আরএস