ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুনিয়র শিক্ষার্থী কর্তৃক সিনিয়রকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে দুটি ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষ এবং বহিরাগতদের দেশীয় অস্ত্র হাতে মহড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক’ ইবি শাখা।
রোববার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক নেয়ামাতুল্লাহ ফারিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা ও নিরাপদ সহাবস্থানের জায়গা। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ, অস্ত্র প্রদর্শন ও পেশিশক্তির মহড়া সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর সতর্কবার্তা। কোনো বিরোধ বা ব্যক্তিগত ঘটনার বিচার ভয় সৃষ্টি বা সংঘাতের মাধ্যমে হতে পারে না, তা বিশ্ববিদ্যালয়ের আইনি বিধিবিধান মেনে সমাধান করা উচিত।
খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন সেমিনার
সংগঠনটি দল-মত নির্বিশেষে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ স্থায়ীভাবে বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রশিবির নেতাকে থাপ্পড় দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ক্যাম্পাসের প্রধান ফটক ও জিয়া মোড় এলাকায় লাঠিসোঁটা, রামদা ও চাপাতি নিয়ে বহিরাগতদের মহড়া দিতে দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদারে প্রধান ফটকে পুলিশ মোতায়েনসহ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
—জা. অর্থনীতি/এলএটি