Print Date & Time : 26 October 2026 Monday 01:29 am

সারের দাবিতে সড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিতকরণ ও খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকরা। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গোডাউনের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন ক্ষুব্ধ কৃষকরা।

অবরোধকারী কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে প্রয়োজন অনুযায়ী চাহিদা মতো সার না পাওয়ায় তারা সময়মতো ফসলি জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। সার সংকট কৃত্রিমভাবে তৈরি করে অসাধু সিন্ডিকেট ফায়দা লুটছে দাবি করে প্রতিদিনের জন্য পর্যাপ্ত সরকারি সার সরবরাহ ও সিন্ডিকেট নির্মূলের আহ্বান জানান তারা।

অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে অসংখ্য গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের দাবি পর্যালোচনার আশ্বাস দিলে প্রায় আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন কৃষকরা।

জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান জানান, জেলায় ডিলার ও সরকারি পর্যায়ে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনো সংকট নেই। তবে সারের বিতরণ বা অতিরিক্ত দামে বিক্রি সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিষয়টি কঠোরভাবে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি