Print Date & Time : 07 November 2026 Saturday 11:53 am

সড়কের জায়গা দখল করে পুনরায় স্থাপনা নির্মাণের অভিযোগ

image

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোট মোল্লাপাড়া এলাকায় প্রধান সড়কের সরকারি জায়গা পুনরায় দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া অবৈধ স্থাপনার জায়গায় এবার ‘পদ্মা টার্ফ অ্যান্ড স্পোর্টস জোন’ নামে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, লিলি হল মোড় সংলগ্ন র‍্যাব অফিসের বিপরীত পাশের ওই জায়গায় ‘শুভ উদ্বোধন’ লিখে ফুটবল টার্ফ, রেস্টুরেন্ট, জুস বার ও কিডস জোনসহ নানা সুবিধার ঘোষণা দিয়ে বড় ব্যানার টাঙানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু রাজনৈতিক প্রভাবে সড়কের সরকারি জায়গা দখল করে অবকাঠামো নির্মাণ করেছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবৈধ স্থাপনাটি ভেঙে উচ্ছেদ করে। তবে সম্প্রতি বেন্টুর অনুসারী হিসেবে পরিচিত পারভেজের নেতৃত্বে রাতের আঁধারে নির্মাণসামগ্রী এনে সেখানে পুনরায় খুঁটি পোঁতা ও অস্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সেলিম জানান, জায়গাটি পারভেজ নামের এক ব্যক্তি ভাড়া নিয়েছেন এবং তিনি তার অধীনে কাজ করছেন। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

সরকারি জায়গা কীভাবে লিজ বা ভাড়া দেওয়া হলো- তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের জমি দখলমুক্ত রাখতে এবং পুনরায় অবৈধ নির্মাণ বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কঠোর আইনি হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন নগরবাসী।

—জা. অর্থনীতি/এলএটি