Print Date & Time : 08 November 2026 Sunday 08:53 pm

সোমবার থেকে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

image

অর্থনীতি ডেস্ক: সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত পাওয়ার জন্য আবেদন করার শেষ দিন আজ রবিবার (৬ সেপ্টেম্বর)। 

আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।

প্রাথমিকভাবে গ্রাহকেরা নিজেদের হিসাবে থাকা পুরো মূল অর্থ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট এককালীন উত্তোলন কিংবা নগদায়ন করতে পারবেন। তবে এ অর্থের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।

টাকা তুলতে গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় আবেদন করতে হচ্ছে। শাখা থেকে আবেদনগুলো ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই টাকা ফেরত দেওয়া হবে।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন হিসাব থেকে গ্রাহকেরা জমা করা মূল টাকা তুলতে পারবেন।

তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগও মিলবে।

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত নির্দেশনা জারি করে। পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের কাছ থেকে মূল আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু করে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী টাকা উত্তোলনের আবেদন করেন। এসব আবেদনে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়।

—জা. অর্থনীতি/এএইচএ