Print Date & Time : 07 November 2026 Saturday 11:49 am

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সমন্বিত অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের পর ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৯৩৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে যোগাযোগ করতে এবং ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বর্তমানে ২৯ হাজার ৭৭৩ জন অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ ও ১ হাজার ৯২৮ জন নারী।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জা.অর্থনীতি/এসআই