Print Date & Time : 07 November 2026 Saturday 05:47 am

শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দিরে চুরি

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র দুই রাতের ব্যবধানে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পিতলের মূর্তি, পিতল ও কাঁসার মূল্যবান বাসনপত্র এবং প্রণামীর বাক্সে থাকা নগদ টাকা লুট করে নিয়ে গেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতের কোনো একসময়ে শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের বাড়ীর মন্দির ও পাল পাড়ার ভীমসী শ্মশান কালী মন্দিরসহ পারিবারিক ও সার্বজনীন মোট ৮টি মন্দিরে এসব চুরির ঘটনা ঘটে।

একই এলাকায় পরপর এতগুলো ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, সব মিলিয়ে প্রায় তিন থেকে চার লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ভূনবীর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব এবং পাত্রীকুল শ্রীশ্রী শিববাড়ি পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জীবন দেব চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ একের পর এক চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ভয় কাজ করছে; দ্রুত এ ব্যাপারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তবে এ বিষয়ে এখনো মন্দির কমিটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।  

—জা. অর্থনীতি/এলএটি