Print Date & Time : 08 November 2026 Sunday 09:01 pm

বাংলাদেশি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয় যুবকের মৃত্যু

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে এক বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা চালিয়ে পালানোর সময় বহুতল ভবন থেকে পড়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী বাংলাদেশি ছাত্রী অন্ধ্রপ্রদেশের কাকিনাদায় ফার্মেসিতে স্নাতক পড়ছেন। মাত্র ১০ দিন আগে তিনি অচ্যুতাপুরমে এক ব্যক্তির সাথে বাসা ভাড়া নেন। ঘটনার দিন বিকেলে ওই ছাত্রীকে বাসায় একা পেয়ে প্রতিবেশী কমলেশ যাদব (৪৩) শৌচাগার পরিষ্কারের বাহানায় ঘরে ঢোকেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন।

ছাত্রীটি সাহসিকতার সাথে ধস্তাধস্তি করে ঘর থেকে বের হয়ে যান এবং স্থানীয়দের বিষয়টি জানান। এতে আতঙ্কিত হয়ে অভিযুক্ত কমলেশ ভবনের একটি পিলার বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। তবে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত কমলেশ ঝাড়খণ্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি মদের দোকানে কর্মরত ছিলেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানান, পুরো ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

সূত্র: ইটিভি ভারত

জা.অর্থনীতি/এসআই