Print Date & Time : 24 October 2026 Saturday 05:54 am

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের

image

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা ও প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে শিক্ষক এবং কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা ও দাপ্তরিক সময়সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপাচার্যের সভাকক্ষে বিভাগীয় সভাপতি ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় উপাচার্য ড. মতিনুর রহমান বলেন, নির্ধারিত সময়সূচি অনুসরণ না করে ইচ্ছেমতো কার্যালয়ে আগমন বা ক্লাসে অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে কিছু শিক্ষকের শ্রেণিকক্ষে না থাকার বিষয়ে তথ্য পাওয়ার কথা উল্লেখ করে তিনি বিভাগীয় প্রধানদের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন। আইন দিয়ে নয়, বরং নিজস্ব পেশাগত নীতি ও দায়িত্ববোধ থেকেই শিক্ষকদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে দাপ্তরিক কার্যক্রমে অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

বিশ্ববিদ্যালয়ের নতুন পরিকল্পনার কথা তুলে ধরে ভিসি জানান, একাডেমিক পরিবেশের উন্নয়নে চীনা ভাষা চালু, শিল্প-শিক্ষার সংযোগ স্থাপন এবং ক্যাম্পাসে একটি 'ক্যারিয়ার হাব' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে আবাসিক হলে হিটার ব্যবহার বন্ধে প্রভোস্টদের তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি সাবস্টেশন স্থাপন প্রক্রিয়াধীন এবং শিগগিরই সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজ শুরু হবে।

মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে উপাচার্য শিক্ষক ও কর্মকর্তাদের বিধি মোতাবেক ছুটি গ্রহণের পরামর্শ দেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বক্তব্য দেন। এ সময় বিভাগীয় প্রধানরা নিজ নিজ দপ্তরের সমস্যা তুলে ধরলে সমন্বিতভাবে সমাধানের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

—জা. অর্থনীতি/এলএটি