Print Date & Time : 28 October 2026 Wednesday 03:38 am

শ্রীমঙ্গলে ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিলাশ ছড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল তাকে সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, বিলাশ ছড়া এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলন করা হচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা কৌশলে সটকে পড়ে। ফলে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ তালিকা প্রস্তুত করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় পরিবেশকর্মীরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ছড়াটি থেকে অবৈধভাবে বালু তোলায় আশেপাশের কৃষি জমি ও স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

—জা. অর্থনীতি/এলএটি