Print Date & Time : 24 October 2026 Saturday 03:29 pm

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

image

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক কাতারপ্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কালকাপুর এলাকায় নিহতের চাচার বসতবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আইভী শরীয়তপুর শহরের বাসিন্দা কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী এবং কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে আইভী ছোটবেলা থেকেই তার চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। বছরখানেক আগে বিয়ে হওয়ার পর সম্প্রতি তার স্বামী ফেরদৌস কাতারে চলে যান। এর জের ধরে আইভী চাচাবাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তার চাচা মসজিদে নামাজ পড়তে যান এবং তার স্ত্রী ডাক্তার দেখাতে মাদারীপুর শহরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা ফাঁকা ঘরে ঢুকে আইভীকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরে থাকা একটি দামি আইফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে চাচা কালাম শরীফ বাড়িতে ফিরে ঘরের মেঝেতে ভাতিজির রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের চাচা কালাম শরীফ জানান, তিনি বাইরে যাওয়ার সময় ঘরের মূল গেট বাইরে থেকে তালাবদ্ধ করে যান। ফিরে এসে ভেতরের দিক থেকে তালা দেওয়া দেখে সন্দেহ হলে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত দেহ দেখতে পান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি