Print Date & Time : 08 November 2026 Sunday 07:19 am

ইরানে কারাগারে অস্থিরতা, ১৮ বন্দীর মৃত্যুদণ্ডের আশঙ্কা

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসফাহানের দাস্তগের্দ কারাগারে অস্থিরতা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ বন্দীর মৃত্যুদণ্ড হতে পারে। এ ঘটনায় ৭৫ জনকে আসামি করা হলেও অন্তত ২৬ জনকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের হাতে আসা একটি বিচারিক নথিতে এসব তথ্য উঠে এসেছে।

নথি অনুযায়ী, মামলাটি ইরানের বিপ্লবী আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে ‘যুদ্ধ ও হত্যায় উসকানি’, ইচ্ছাকৃত অগ্নিসংযোগ, সরকারি স্থাপনা ধ্বংস এবং যুদ্ধকালীন সময়ে কারাগারে দাঙ্গায় অংশ নেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের কয়েকটির ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

ঘটনাটি ঘটে গত মার্চে কারাগারের কাছাকাছি একটি সামরিক ঘাঁটি ও গোলাবারুদের গুদামে বিমান হামলার পর। হামলায় কারাগারের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। মানবাধিকার সংগঠনগুলোর বরাতে জানা গেছে, বিস্ফোরণের পর কারারক্ষীদের একটি অংশ দায়িত্বস্থল ছেড়ে যায়। আতঙ্কে বন্দীরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন বন্দী কম্বল, চাদরসহ বিভিন্ন সামগ্রীতে আগুন ধরিয়ে দেয়।

অভিযোগ রয়েছে, পরে নিরাপত্তা বাহিনী কারাগারে প্রবেশ করে গুলি, ছররা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে কয়েকজন বন্দী গুলিতে এবং অন্যরা আগুন ও ধোঁয়ায় মারা যান বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে।

এদিকে, একই কারাগারের পাঁচ বন্দীর পৃথক ‘আলিখানি স্কয়ার’ মামলায় সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আরও পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে।

কারাগারটির মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। নির্যাতন, কঠোর জিজ্ঞাসাবাদ, পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

জা.অর্থনীতি/এসআই