Print Date & Time : 26 October 2026 Monday 09:37 am

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। পরবর্তীতে সভার কার্যসূচি অনুযায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে। ১০ সদস্যের এই কমিটিতে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন নিজান, কক্সবাজার-৪ আসনের শাহজাহান চৌধুরী, ভোলা-৪ আসনের নুরুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলীম, সংরক্ষিত নারী আসন-৪ এর রেহেনা আক্তার রানু, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম।

কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সকলের দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী গঠিত এই স্থায়ী কমিটি প্রশাসনিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা ও নীতি বাস্তবায়নের মূল্যায়নসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই কমিটিতে এলাকার সংসদ সদস্য স্থান পাওয়ায় ভালুকার স্থানীয় সচেতন মহল বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

—জা. অর্থনীতি/এলএটি