আন্তর্জাতিক ডেস্ক: পাহাড়ে টানা বৃষ্টির মধ্যে লোকালয়ে ঢুকে পড়েছিল বিশাল আকৃতির একটি কিং কোবরা। সাপটিকে ভয় না পেয়ে খালি হাতে ধরে নানা কসরত দেখাতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন ৭৪ বছরের এক বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার নিম্বিং অঞ্চলের সন্ন্যাসীডারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়িতে কিং কোবরাটি ঢুকে পড়লে সেটিকে দেখতে পান বাড়ির মালিক আনন্দ বরাইলি। কোনও ধরনের প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তিনি সাপটিকে খালি হাতে ধরে ফেলেন। এরপর সেটিকে নিয়ে গ্রামের মূল রাস্তায় চলে আসেন। সেখানে ভিড় জমে যায় স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আনন্দবাবু সাপটিকে উদ্দেশ করে বলতে থাকেন, ‘আমার ঘরে ঢুকেছিস কেন?’ কখনও হাতে তুলে ধরছিলেন, আবার কখনও গলায় জড়িয়ে দেখাচ্ছিলেন। আচমকাই সাপটি তাঁর হাত থেকে ফসকে বেরিয়ে যায়। সেটিকে ফের ধরতে গেলে কিং কোবরা তাঁর পায়ে ছোবল মারে।
ছোবল খাওয়ার পরও অবশ্য থামেননি আনন্দবাবু। তিনি ফের সাপটিকে ধরার চেষ্টা করেন এবং রাস্তার মাঝখানে বসে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই শরীরে বিষের প্রভাব দেখা দিতে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনা ফের প্রমাণ করল, প্রশিক্ষণ ছাড়া বিষধর সাপ ধরার চেষ্টা কতটা বিপজ্জনক হতে পারে। লোকালয়ে কিং কোবরা বা অন্য কোনও বিষধর সাপ দেখা গেলে নিজে ধরার চেষ্টা না করে বন দপ্তর বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারীদের খবর দেওয়াই নিরাপদ।
সূত্র: সংবাদ প্রতিদিন
জা.অর্থনীতি/এসআই