Print Date & Time : 07 November 2026 Saturday 08:35 am

ইউক্রেইনের শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ৫

image

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি ব্যস্ত শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন। আহতদের মধ্যে আটটি শিশু রয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার হানঝা।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কির অভিযোগ, স্থানীয় সময় দিনদুপুরে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে যানবাহন ও দোকানপাট লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ইউক্রেইনের জরুরি বিভাগ প্রকাশিত ছবিতে শপিং মলের সামনে ও প্রধান সড়কে কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

হামলার ঘটনায় শোক প্রকাশ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দোকানপাটের কাছে থাকা নিরীহ মানুষকে লক্ষ্য করে ড্রোন ব্যবহার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ হামলাকে ইউক্রেইনীয়দের ক্লান্ত করে দেশটিকে ছাড় দিতে বাধ্য করার রুশ কৌশল হিসেবে বর্ণনা করেছেন।

চলতি সপ্তাহে ইউক্রেইনের আরও কয়েকটি বাণিজ্যিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। বুধবার সুমির একটি শপিং মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন। সোমবার জাপোরিঝঝিয়ার একটি শপিং মলও হামলায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়।

অন্যদিকে, রাশিয়া ও রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলেও ইউক্রেইনীয় ড্রোন হামলার অভিযোগ রয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, এসব হামলায় বেসামরিক হতাহত হয়েছে।

সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার উদ্যোগেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি।

সূত্র: বিবিসি

জা.অর্থনীতি/এসআই