Print Date & Time : 08 November 2026 Sunday 04:46 am

‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’ শুরু হচ্ছে আট বিভাগে

image

অনলাইন ডেস্ক: সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতকে মানুষের কাছে তুলে ধরতে দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে উৎসবের উদ্বোধন হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

লালন বিশ্বসংঘের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের গবেষক ও সাধকেরা কবীর ও লালনের দর্শন নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি থাকবে ভাবসংগীতের পরিবেশনা।

উৎসবে কবীরপন্থি, রবিদাসপন্থি ও নানকপন্থি শিল্পীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পী এবং কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা অংশ নেবেন।

ঢাকার উদ্বোধনী পর্ব শেষে পর্যায়ক্রমে বরিশাল, খুলনা, শেরপুর, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে উৎসবের আয়োজন করা হবে। শেরপুরে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ বিভাগের পর্ব।

মাসব্যাপী আয়োজনের শেষ পর্ব বসবে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে। আগামী ৩০ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। 

—জা. অর্থনীতি/এএইচএ