Print Date & Time : 28 October 2026 Wednesday 08:53 am

কিডো ফিউচার ওয়ার্ল্ডের এমডির ওপর হামলা

image

নরসিংদী প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবির জের ধরে নরসিংদীর মাধবদীতে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ নামের একটি নির্মাণাধীন বিনোদন পার্কের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত এমডি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মাধবদীর রাইনাদী এলাকায় দীর্ঘদিন ধরে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ পার্কটির নির্মাণকাজ চলছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় আলতাফ হোসেন, মামুনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে পার্ক কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার সকালে অভিযুক্তরা পার্কের জমিতে জোরপূর্বক সীমানা পিলার স্থাপনের চেষ্টা চালান। এতে পার্কের এমডি তৌহিদুল ইসলাম বাধা দিলে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। পরবর্তীতে আজ শুক্রবার সকালেও পার্কের বালু ভরাট করা স্থানে সীমানা পিলার স্থাপনের কাজ চালাতে দেখা যায় প্রতিপক্ষদের।

অভিযোগের বিষয়ে আলতাফ হোসেনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা না বলে ফোন কেটে দেন। অন্যদিকে অভিযুক্ত মামুন চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে দাবি করেন, "আমার নিজস্ব জমিতে সীমানা পিলার দিয়েছি। পার্কের মালিকের সাথে আলোচনায় বসার কথা থাকলেও তিনি বসেননি।"

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিরোধপূর্ণ জমিটি সীমান্তবর্তী হওয়ায় কিছু অংশ প্রতিবেশী আড়াইহাজার থানার অন্তর্গত হলেও মাধবদী থানা অংশের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন জানান, এ বিষয়ে উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি