নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে আটক মো. জাহিদ হাসান (২৮) নামের এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শাস্তি দেওয়ার পাশাপাশি তাকে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য একটি পবিত্র কোরআন শরিফ উপহার দেন আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মেনিখালী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত জাহিদ হাসান নারায়ণগঞ্জের বন্দর থানার পুরাতন বন্দর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানা-পুলিশ মেনিখালী সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অপরাধে জাহিদ হাসানকে হাতেনাতে আটক করে পুলিশ।
পরবর্তীতে আটক জাহিদকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সার্বিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ড প্রদানের পাশাপাশি আসামি যেন মাদকমুক্ত জীবনযাপন ও মানসিক সংশোধনের সুযোগ পান, সেই উদ্দেশ্যে তার হাতে একটি পবিত্র কোরআন শরিফ তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। সাজা পরোয়ানা জারি শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি