খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল (ধর্মঘর) এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সার ও কীটনাশকের দোকানসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানে রক্ষিত বিপুল পরিমাণ সার, কীটনাশক, ওষুধ, ফার্নিচার ও অন্যান্য মালামাল ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের দোকান শেডের এক পাশে থাকা একটি চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া আতুসে মারমার ওষুধের দোকান ও গুদাম এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার চায়ের দোকান আগুনে পুরোপুরি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেম্রাচাই মারমা জানান, শেষ রাতে আগুন লাগায় এবং মুহূর্তের মধ্যে লেপটে যাওয়ায় দোকান থেকে কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহাম্মদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব করা হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।
—জা. অর্থনীতি/এলএটি