Print Date & Time : 28 October 2026 Wednesday 07:11 am

নতুন উদ্যোক্তা তৈরি করবে কৃষি ব্যাংক

image

ময়মনসিংহ প্রতিনিধি: দেশের কৃষি খাতে গতিশীলতা আনতে ও নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ কৃষি ব্যাংক নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। প্রতিটি উপজেলায় যেন অন্তত ৫ জন করে নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হয়, সে লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড প্রবর্তন, স্কুল ব্যাংকিং কার্যক্রম প্রচার এবং নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম ও মোহাম্মদ খালেকুজ্জামানসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নূরুল আমিন আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি নারী ও তরুণদের কৃষিনির্ভর শিল্প ও ব্যবসায় আগ্রহী করতে সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান নিশ্চিত করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

—জা. অর্থনীতি/এলএটি