Print Date & Time : 08 November 2026 Sunday 07:43 am

ইরানের শাহেদ ড্রোন নকল করে যুক্তরাষ্ট্র তৈরি করল ‘লুকাস’

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বহুল আলোচিত ‘শাহেদ-১৩৬’ ড্রোনের নকশা ও প্রযুক্তি অনুসরণ করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি নতুন ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের খোররামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি এ দাবি করেন।

তিনি বলেন, ড্রোন প্রযুক্তিতে ইরানের অর্জন বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত। দেশটির তরুণ গবেষকদের মেধা, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলে ইরান এই পর্যায়ের সামরিক সক্ষমতা অর্জন করেছে।

জেনারেল মুসাবি জানান, ইরানের কাছে বর্তমানে বিভিন্ন ধরনের ও সক্ষমতার ‘শাহেদ’ ড্রোন রয়েছে। এসব ড্রোনের কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এবং কিছু শত্রু এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ‘লুকাস’ ড্রোন প্রসঙ্গে তিনি দাবি করেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬-এর আদলে নিজেদের এই ড্রোন তৈরি করেছে। তার মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের ড্রোন প্রযুক্তির সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তিনি আরও বলেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন দেশটির বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ এসব ড্রোনের সফল ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

আইআরজিসির এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও দাবি করেন, ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতি দেশটির সামরিক সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করেছে।

সূত্র: তাসনিম নিউজ

জা.অর্থনীতি/এসআই