Print Date & Time : 07 November 2026 Saturday 08:59 am

প্রায় ৫০০ ড্রোনে ইউক্রেনে রুশ হামলা, নিহত ১০

image

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শনিবার সকাল থেকে রাশিয়া বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন ব্যবহার করেছে। তাঁর অভিযোগ, সম্মুখযুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে রাশিয়া এখন ইউক্রেনের অর্থনীতি ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছে।

ক্রামাতোরস্কের সিটি কাউন্সিল জানায়, বেসামরিক গাড়িতে রুশ হামলার তিনটি পৃথক ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। এসব গাড়িতে সাধারণ মানুষ ছিলেন এবং কোনোটি সামরিক লক্ষ্যবস্তু ছিল না বলে দাবি করা হয়েছে।

কিয়েভের পশ্চিমে ঝিতোমির অঞ্চলের জভিয়াহেল শহরে একটি মুদি দোকানে হামলায় দুজন নিহত হয়েছেন। একই হামলায় দুটি পেট্রল স্টেশন ও একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপোরিঝিয়া শহরসহ আশপাশের এলাকায় হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ক্রিভি রিহেও রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন।

কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসায় রাতভর হামলা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, সেখানে প্রায় ৪০ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, জাপোরিঝস্তাল, ইন্টারপাইপ স্টিল কমপ্লেক্সসহ কয়েকটি শিল্পকারখানা ও ইউক্রেনের বন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার সামারা অঞ্চলের তোলিয়াত্তির একটি সিনথেটিক রাবার কারখানায় হামলা চালিয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

জা.অর্থনীতি/এসআই