Print Date & Time : 07 November 2026 Saturday 05:30 am

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান চালানো হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজন, নিয়মিত মামলায় ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ১৪ জন রয়েছেন।

মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন- মো. নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানু (৩৩)। তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নাইম সোনারগাঁয়ের হাবিবপুর এলাকার বাসিন্দা। রুমা আক্তার ও সুরবানুর বাড়ি একই উপজেলার বরগাঁও এলাকায়।

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪

ওয়ারেন্টভুক্ত ৪ জন হলেন- হারিজ মিয়া ওরফে হারিজ মিয়া (৩২), মো. শাহাবুদ্দিন, ইউসুফ ভূইয়া ও কমল চন্দ্র ঘোষ। তাদের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার জিরোবাইশ এলাকায়।

নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে সোনারগাঁয়ের ভটেরপাড়া এলাকার সামসুল হক (৪০) ও রাজশাহীর দুর্গাপুর এলাকার মো. মোনাইম হক সুমনকে (২৮)। এছাড়া মাদকসেবনের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সোনারগাঁসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।

ওসি মো. আব্দুল বারিক বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে