Print Date & Time : 08 November 2026 Sunday 12:14 am

সৌদি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব বিমান হামলা চালানোর পর পাল্টা হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় হুতিদের ছোড়া একটি প্রক্ষেপণে দুজন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার দাবি করা হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন সীমান্তবর্তী জাজান অঞ্চলের আল-তুয়াল গভর্নরেটে হুতিদের ছোড়া একটি প্রক্ষেপণ আঘাত হানলে দুজন আহত হন। এতে একটি মসজিদ, কয়েকটি ভবন ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র ঘটনাটিকে বেসামরিক স্থাপনায় হামলা হিসেবে উল্লেখ করে একে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ সৌদি আরবে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার দাবি করেছিল হুতিরা। ওই হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

জা.অর্থনীতি/এসআই