Print Date & Time : 08 November 2026 Sunday 07:33 am

অবৈধ সম্পদ অর্জন: সাবেক চসিক মেয়রের বিরুদ্ধে মামলার অনুমোদন

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানিয়েছে, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ জ ম নাছির উদ্দীনের ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। একই সময়ে তার ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকার দায়-দেনার তথ্য-প্রমাণ পাওয়া যায়। দায়-দেনা বাদ দিলে ওই সময় পর্যন্ত তার নিট সম্পদের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। এছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে তিনি ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা ব্যয় করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। ফলে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট অর্জিত সম্পদের মূল্য দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।

অন্যদিকে, একই সময় পর্যন্ত আ জ ম নাছির উদ্দীনের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। এই হিসাবে তার গ্রহণযোগ্য আয়ের তুলনায় সম্পদের পার্থক্য দাঁড়ায় ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।

দুদকের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ভোগদখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগে উল্লিখিত ধারাসমূহে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদকের কমিশন।

—জা.অর্থনীতি/আরএস