Print Date & Time : 08 November 2026 Sunday 03:59 pm

নীলফামারীতে হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, আশ্বাস তত্ত্বাবধায়কের

image

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের অপেশাদার আচরণ, তীব্র জনবল ও ওষুধ সংকট, পরিচ্ছন্নতার অভাব, সময়ানুবর্তিতার শিথিলতা এবং ওয়েব পোর্টাল হালনাগাদ না থাকাসহ নানা বিষয়ে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে মারাত্মক প্রশ্ন উঠেছে। সনাকের কমিউনিটি মনিটরিংয়ে উঠে আসা এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর উদ্যোগে আয়োজিত এক অধিপরামর্শ সভায় এসব অসংগতি তুলে ধরা হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বিশেষ সভায় সনাক ও এর সহযোগী সংগঠন ‘একটিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি)-এর প্রতিনিধিরা সরেজমিনে মনিটরিং করে চিহ্নিত করা বিভিন্ন সমস্যা ও প্রামাণিক চিত্র উপস্থাপন করেন। বিশেষ করে রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, নিয়মিত ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, জেলাবাসীর স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল হওয়ায় এই হাসপাতালের সেবার মানোন্নয়নের সাথে সরাসরি সাধারণ মানুষের মৌলিক অধিকার যুক্ত।

সব শুনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি আশ্বাস দিয়ে বলেন, "সনাক কর্তৃক চিহ্নিত অসংগতিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিস্পতি করা হবে এবং প্রশাসনিক ও কাঠামোগত বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, কর্মস্থলে উপস্থিতি ও রোগীদের সঙ্গে সুব্যবহার নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে।"

সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটু।

এ সময় অন্যান্যদের মধ্যে হাসপাতাল সমাজসেবা অফিসার নুরন নাহার নুরী, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, মোছা. বিলকিছ বানু, মির্জা আখতার, সিনিয়র স্টাফ নার্স রিংকু আক্তার, ওয়ার্ড মাস্টার রাকিবুল ইসলাম, সনাকের সহসভাপতি ভূবন চন্দ্র রায়, সদস্য তাহমিনুল হক ববী, শীষ রহমান, আজমা আহসান, এসিজি সমন্বয়ক মো. আব্দুল মোমিন এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটরসহ স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি