Print Date & Time : 07 November 2026 Saturday 08:48 am

খাগড়াছড়িতে বন্যার পানিতে ভেসে বৃদ্ধের মৃত্যু

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় বন্যার পানিতে তলিয়ে মো. আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে বন্যার পানি কিছুটা কমে গেলে ছড়ার পাশে একটি বাঁশবাগানে তার মরদেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী মরদেহটি উদ্ধার করেন।

নিহতের ছেলে অহিদুল ইসলাম জানান, সকালে তার বাবা বাড়ির পাশের একটি দোকানে নাশতা করেন। এরপর বন্যার পানি দেখতে ছড়ার পাশে গেলে পানির তীব্র স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা ছড়ার পাশে বাঁশবাগানে মরদেহ আটকে থাকতে দেখে পরিবারকে খবর দেন। মরদেহ উদ্ধারের পর দুপুরে খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

কুকুর আতঙ্কে শার্শা-বেনাপোল, দুই মাসে কামড়ের শিকার ছয় শতাধিক

কলাবাগান সমাজ কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, রাতে খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়। সকালে আব্দুল জব্বার বাড়ির পাশে বন্যার পানি দেখতে ছড়ার কাছে গেলে পানির প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে তার মৃত্যু হয়। ঝামেলা এড়াতে পুলিশকে খবর না দিয়েই দ্রুত সময়ে তার মরদেহ দাফন করা হয়েছে। 

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে কলাবাগান এলাকায় একজন বৃদ্ধ পানিতে তলিয়ে মারা যাওয়ার খবর পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনো তার জানা নেই। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে জানিয়েছেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে