অনলাইন ডেস্ক: আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রুয়েটের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে এসব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি রুয়েটের একাডেমিক কার্যক্রম ও গবেষণার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
জা.অর্থনীতি/এসআই