Print Date & Time : 08 November 2026 Sunday 03:38 pm

কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সনদ পরীক্ষা ডিজিটাল ডাকঘরে

image

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ ডাক বিভাগের অধীন পোস্টাল একাডেমি, রাজশাহীর তত্ত্বাবধানে পরিচালিত সিলেট বিভাগের ডিজিটাল ডাকঘর সমূহের তিন মাস মেয়াদী 'ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন' কম্পিউটার কোর্সের চূড়ান্ত সনদ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর ঐতিহ্যবাহী রাজা জি. সি. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় কেন্দ্র সচিব ও পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সিলেট পোস্টাল বিভাগের পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার এবং পোস্ট অফিস পরিদর্শক বাবলু রায়।

এছাড়া পরীক্ষা কেন্দ্র ও বিভিন্ন হলে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পোস্টাল অপারেটর দেবপ্রসাদ পাল, মো. আব্দুল বাসিত, মো. সাইফুল শিকদার, পোস্ট ই-সেন্টার কো-অর্ডিনেটর রোহেল আহমদ, নাসির উদ্দিন, বলরাম বনিক, মাহবুবুর রহমান, আতিকুর রহমান, আল-আমীন, লায়েছ আহমদ, মাছুম আহমদ ও সুহেল আহমদসহ অন্যান্য কর্মকর্তারা।

সিলেট পোস্টাল বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের বিভিন্ন ডিজিটাল ডাকঘরে প্রশিক্ষণ নেওয়া প্রায় ৩০০ জন শিক্ষার্থী এ চূড়ান্ত সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পোস্ট অফিসের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে প্রযুক্তির বিস্তারে এই কোর্স ও পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

—জা. অর্থনীতি/এলএটি