Print Date & Time : 24 October 2026 Saturday 04:39 am

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫, মামলা ৪৭

image

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৩৪, ওয়ারী বিভাগে ৬৪, মতিঝিল বিভাগে ৭৬, তেজগাঁও বিভাগে ৯২, মিরপুর বিভাগে ১২০, গুলশান বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৪৬ এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ৫৩ পিস লোহার পেরেক (তারকাঁটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জা.অর্থনীতি/এসআই