Print Date & Time : 07 November 2026 Saturday 01:00 pm

যেভাবে জঙ্গলে মিলল অপ্রতিমের মরদেহ

image

কুবি প্রতিনিধি: "কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে"- বাঁশ কাটতে গিয়ে ভাতিজার আকস্মিক এমন ডাক শুনে জঙ্গলের দিকে ছুটে যান স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদির জিলানী। সেখানে গিয়ে দেখতে পান রক্তাক্ত ও নিথর দেহে পড়ে আছে নিখোঁজ স্কুলছাত্র ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩)।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি নির্জন পাহাড়ি টিলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: আইফোনের জন্য অপ্রতীমকে হত্যা: পুলিশ

নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

নিখোঁজের পর পুলিশের মাধ্যমে অপ্রতিমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুবি সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজেও এর সত্যতা মেলে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিতে ব্যাপক তল্লাশি চালায়। পরবর্তীতে সকালে বাঁশ সংগ্রহ করতে যাওয়া স্থানীয় বাসিন্দারা টিলার ওপর অপ্রতিমের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে শিক্ষার্থীদের খবর দেন।

আরও পড়ুন: কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আটক ১

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অপ্রতিমের মাথা, হাত, পা, পিঠ, পেট ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ভয়াবহ আঘাতের চিহ্ন রয়েছে। তার একটি চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত এবং ঘাড়ে মারাত্মক আঘাতের আলামত পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সানন্দা এলাকার নুরুল আলমের ছেলে তুহিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে অপ্রতিমের সঙ্গে থাকা মায়ের আইফোনটি এখনো উদ্ধার হয়নি। প্রাথমিক ধারণায় ফোন ছিনতাইয়ের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে।

আরও পড়ুন: নিখোঁজ হওয়ার একদিন পর শিশু অপ্রতিমের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম গভীর শোক প্রকাশ করে বলেন, "ঘটনার পর থেকেই আমরা পুলিশ, ডিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নসহ সব এজেন্সির সঙ্গে সমন্বয় করে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছেলেটিকে আর জীবিত উদ্ধার করা গেল না।"

কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান জানান, "আমরা ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছি। আটক তুহিনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান ননস্টপ চলবে।"

আরও পড়ুন: মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ অপ্রতিম

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এলএটি