Print Date & Time : 07 November 2026 Saturday 10:06 pm

ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ২৫০ বছরের পুরোনো গোল মসজিদ

image

মো. আরফান হোসেন বাবর, হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শাহেদল ইউনিয়নের বাগপাড়ায় প্রায় ২৫০ বছরের পুরোনো দৃষ্টিনন্দন ঐতিহাসিক গোল মসজিদটি আজও স্মৃতি বহন করে আসছে।

ঐতিহাসিক এ গোল মসজিদটি একসময় উপজেলায় অঁজপাড়া গায়ে ধর্ম প্রচারের ধারক-বাহক ছিল।

শিলালিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটি মোগল আমলের আদলে স্থাপিত হয়। পরবর্তীতে হিজরী ১২১৯ সালের দিকে এটি পুনঃনির্মাণ করা হয়। সুদূর ইরাক থেকে ভারতবর্ষের পূর্বাঞ্চলে অর্থাৎ পূর্ব বাংলায় শেখ শামছুদ্দিন ধর্ম প্রচারের জন্য হোসেনপুর পরগনার শাহেদল বাগপাড়ায় বসতি স্থাপন করেন। কিন্তু জমিদারি আমলে এ অঞ্চল হিন্দু অধ্যুষিত থাকায় মসজিদ নির্মাণের বিরোধিতা করেন তখনকার সমাজপতিরা। পরবর্তীতে শেখ শামছুদ্দিনের দুই পুত্র শেখ আদম ও শেখ আলম বাগপাড়া এলাকায় মসজিদ নির্মাণ করেন। 

প্রাচীন উত্তর মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তিসহ স্বর্ণালংকার চুরি

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদটির দেয়াল ৩ ফুট প্রস্থ। উপরের ছাদের অংশ সম্পূর্ণ গোলাকার আকৃতির। চুন, ইট ও আখের লালি দিয়ে এর গাঁথুনি দেয়া হয়। ইমামসহ ৩ কাতারে ১৯ জন মুসল্লি নামাজ পড়তে পারেন।

স্থানীয় মুসল্লিরা জানান, এ মসজিদের বয়স ২৫০ বছরেরও বেশি। এলাকাবাসীর উদ্যোগে মসজিদটি সম্প্রসারণ করা হয়েছে। গোল মসজিদটির ভেতরে টাইলস ও চারপাশে রঙ করা হয়েছে বলেও জানান তারা।

ঐতিহাসিক এ গোল মসজিদটি দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

—জা. অর্থনীতি/এনজে