Print Date & Time : 08 November 2026 Sunday 03:09 pm

কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষকদের চার ফসলি উর্বর কৃষি জমিতে বিজিবি ক্যাম্প নির্মাণের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদবিল ৭১ নম্বর মৌজা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি প্রতিনিধি দল মেহেরপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করে।

চাঁদবিল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদবিল গ্রামের সিংহভাগ মানুষ অতি দরিদ্র ও পেশায় কৃষক। কৃষি কাজই তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। ইতিপূর্বে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্র্যাক সিড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজসহ নানা বাণিজ্যিক ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার অধিকাংশ উর্বর জমি ইতোমধ্যে অকৃষি খাতে চলে গেছে।

বক্তারা আরও জানান, বর্তমানে সামান্য কিছু চার ফসলি আবাদি জমি অবশিষ্ট রয়েছে, যা দিয়ে স্থানীয় শত শত পরিবার কোনোমতে জীবিকা নির্বাহ করছে। এখন যদি বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য অবশিষ্ট এ উর্বর কৃষি জমিটুকুও অধিগ্রহণ করা হয়, তবে বহু কৃষক পরিবার পুরোপুরি ভূমিহীন হয়ে পড়বেন এবং অনাহারে দিন কাটাতে বাধ্য হবেন।

তাই কৃষকদের জীবন-জীবিকার স্বার্থে বিকল্প কোনো অকৃষি বা খাস জমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে উর্বর জমি অধিগ্রহণ প্রক্রিয়া জরুরি ভিত্তিতে বন্ধ করতে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন তারা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, স্থানীয় বাসিন্দা সজিব আলী, আশরাফ আলী, আবুল কালাম, জাকের আলী, শরিফুল ইসলাম ও মতিউর রহমানসহ ভুক্তভোগী এলাকার কৃষক ও সাধারণ গ্রামবাসী।

—জা. অর্থনীতি/এলএটি