Print Date & Time : 26 October 2026 Monday 04:47 pm

নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে প্রাইভেট কার, নিহত ৩

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে গেছে দ্রুতগতির একটি বিএমডব্লিউ প্রাইভেট কার। এতে প্রাণ হারিয়েছেন তিনজন তরুণ। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

কালো রঙের বিএমডব্লিউটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে একটি সেতুতে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে চার জনকেই নায়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এছাড়া, ২০ বছর বয়সী এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাদের নাম শনয় গজ্জল (২১) ও ধিরিয়া শেঠ (১৭)। নিহত অপরজনের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে কোস্টাল রোড কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর আসে। গাড়িটি সেতুর ঝুলন্ত একটি সাইনবোর্ড ভেঙে ফেলে। দুর্ঘটনায় বিএমডব্লিউটির ছাদ দুমড়ে যায়, উইন্ডশিল্ড চূর্ণ হয়ে যায় এবং সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়।

—জা. অর্থনীতি/এএইচএ